

আন্তর্জাতিক ডেস্ক: চিনি, সর্ষের তেল থেকে আলু, আনাজপাতি — খোলা বাজারে প্রতিদিন লাগামছাড়া মূল্যবৃদ্ধিতে নাস্তানাবুদ গৃহস্থ। এই অবস্থায় উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মঙ্গলবার নবান্নে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বসেন। দাম বাড়ার কারণ জানতে চান তাঁদের কাছে। বৈঠকে সর্ষের তেল ও চিনির দাম বাড়ার জন্য উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, কর্নাটক, রাজস্থান, হরিয়ানাকে দায়ী করেছে ‘পোস্তা মার্চেন্ট অ্যাসোসিয়েশন’–সহ অন্য সংগঠনগুলি। কারণ চিনি বা সর্ষের তেলের পুরোটাই আসে ভিন্ রাজ্য থেকে। সেখানকার ব্যবসায়ীরা দাম বাড়ালে বাংলা–বাজারে কিছু করার থাকে না।
তবে আলু–আনাজের ক্ষেত্রে অকাল বৃষ্টির সুযোগে খুচরো বিক্রেতাদের তরফে দাম বাড়িয়ে দেওয়াকেই দায়ী করা হচ্ছে। বৈঠকে ব্যবসায়ীদের বক্তব্য শোনেন শুভেন্দু। মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে অবৈধ মজুতদারদের বিরুদ্ধে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি দেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম মানুষের নাগালে রাখতে সংগঠনগুলিকে সক্রিয় হওয়ার নির্দেশও দেন তিনি। সূত্রের খবর, মূল্যবৃদ্ধি প্রসঙ্গে সংগঠনগুলিকে মুখ্যমন্ত্রী বলেন, ‘আমরা আপনাদের সবরকম সাহায্য করলেও আপনারা সাহায্য করছেন না। এটা দুঃখের।’
নবান্ন সভাঘরে সিএমের বৈঠকে সংগঠনগুলি ছাড়াও ছিলেন রাজ্যের মুখ্যসচিব, রাজ্য পুলিশের ডিজি, কলকাতার পুলিশ কমিশনার, কলকাতার পুরকমিশনার, কৃষি ও কৃষি বিপণন দপ্তরের সচিব এবং অফিসাররা। এ ছাড়া প্রতিটি জেলার পুলিশ–প্রশাসনের আধিকারিকরা মিটিংয়ে ভার্চুয়ালি যোগ দেন। কৃষি সচিবের উদ্দেশে মুখ্যমন্ত্রীর নির্দেশ — প্রতি সোমবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ব্যবসায়ী সংগঠনগুলির সঙ্গে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ বিষয়ে বৈঠক করতে হবে।
পরে সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে পোস্তা অ্যাসোসিয়েশন জানায়, সর্ষের তেলের দর কিলো–প্রতি ১৮০ টাকা থেকে ২৩০ টাকায় পৌঁছেছে। সংগঠনের সভাপতি শ্যাম আগরওয়াল বলেন, ‘এই সময়ে সর্ষের ফলন হয়। তা–ও সর্ষের তেলের দাম বাড়ার যুক্তি নেই।’ এই সূত্রে ভিন্ রাজ্যের উল্লেখ করে তিনি জানান, রাজস্থান ব্যবসায়ী সমিতির সঙ্গে তাঁদের কথা হয়েছে। আলোচনার জন্য কলকাতায় আসছেন ওই সমিতির প্রতিনিধিরা। চিনির ক্ষেত্রে মহারাষ্ট্র, কর্নাটক ও উত্তরপ্রদেশকে কাঠগড়ায় তুলে জানানো হয়, পাইকারি বাজারে চিনির দাম ৬০ থেকে ৬৫ টাকা হলেও এখন খানিক কমেছে।
শ্যামের কথায়, ‘সব শুনে মুখ্যমন্ত্রী অনুরোধ করেন, যথাসম্ভব কম লাভে যাতে সর্ষের তেল, চিনি বিক্রি করা হয়। মাস দুয়েক লাভ ছাড়া ব্যবসা করতে আমরা প্রস্তুত।পাশাপাশি, আমাদের দেওয়া তথ্য যাচাইয়ে অন্য রাজ্যগুলির সঙ্গে কথা বলার জন্য কৃষি সচিবকে নির্দেশ দেন সিএম।’
কিন্তু আলুর দাম বাড়ছে কেন? ‘পশ্চিমবঙ্গ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন’–এর তরফে পতিতপাবন দে বলেন, ‘হিমঘরে এখনও ১৩ লক্ষ টন আলু আছে। রাজ্যে মাসে প্রায় ৮ লক্ষ টন প্রয়োজন হয়। খোলা বাজারে ২০ টাকা কিলো আলুর দাম পাইকারি বাজারে গিয়ে কিলো–প্রতি আড়াই টাকা বেড়েছে! অকাল বৃষ্টির জন্য বাজারে নতুন আলু আসতে সমস্যা হয়েছে। এর সুযোগে দাম বাড়াচ্ছেন খুচরো ব্যবসায়ীরা, এতে চাষিদের লাভ নেই।’ একই বক্তব্য আলু ব্যবসায়ী লালু মুখোপাধ্যায়ের।
মন্তব্য করুন