

নিজস্ব প্রতিবেদক: হিমালয় থেকে নেমে আসা হিমেল বাতাস ও ঘন কুয়াশায় উত্তরের জেলা পঞ্চগড় ও কুড়িগ্রামে শীতের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। বুধবার সকাল থেকে দুই জেলাতেই তাপমাত্রা কমে যাওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে খেটে খাওয়া মানুষ, দিনমজুর, শিশু ও বয়স্করা চরম ভোগান্তিতে পড়েছেন।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, বুধবার সকাল ৬টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ১০০ শতাংশ। এর আগের দিন মঙ্গলবার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় বাসিন্দাদের ভাষ্যমতে, সন্ধ্যার পর থেকেই হিমেল বাতাসের কারণে শীতের অনুভূতি বাড়তে থাকে, যা ভোর ও সকাল পর্যন্ত অব্যাহত থাকে।
একই সময়ে কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র বুধবার সকালে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে কয়েক দিনের বৃষ্টির পর তাপমাত্রা কমে যাওয়ায় এই অঞ্চলে শীতের প্রকোপ বেড়েছে। রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, হিমালয়ের পাদদেশ থেকে আসা ঠান্ডা বাতাসের কারণে রংপুর অঞ্চলে শীতের অনুভূতি বেশি।
শীতের তীব্রতায় কুড়িগ্রামের বিভিন্ন এলাকায় কৃষিকাজ ব্যাহত হচ্ছে। জীবিকার তাগিদে বাইরে বের হওয়া দিনমজুর ও ভ্যানচালকরা তীব্র ঠান্ডায় কাজ করতে গিয়ে হিমশিম খাচ্ছেন। এছাড়া ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে রোগীর সংখ্যাও বাড়ছে।
কুড়িগ্রাম সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের স্বজনরা জানিয়েছেন, শিশু ও বয়স্করা জ্বর ও গলা ব্যথাসহ বিভিন্ন সমস্যায় আক্রান্ত হচ্ছেন। তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, দিনের বেলা সূর্যের দেখা মিললেও হিমেল বাতাসের কারণে ঠান্ডার অনুভূতি কমছে না।
এদিকে রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় ধীরে ধীরে বাড়ছে শীতের অনুভূতি। আজ সকালে ঢাকার তাপমাত্রা নেমে এসেছে ১৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে। দিনের তাপমাত্রাও সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।
আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ১৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৭২ শতাংশ। গতকাল মঙ্গলবার রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
মন্তব্য করুন