নিউজ ডেস্ক
২০ নভেম্বর ২০২৬, ৯:১১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

৬২-তে তারেক রহমান: সংগ্রাম, নেতৃত্ব ও গণতান্ত্রিক বিজয়ের এক উপাখ্যান

অনলাইন ডেস্ক: দীর্ঘ রাজনৈতিক প্রতিকূলতা, কারাবরণ, প্রায় ১৭ বছরের নির্বাসিত জীবন এবং অবশেষে জনগণের ভোটে রাষ্ট্রক্ষমতায় প্রত্যাবর্তন। তারেক রহমানের রাজনৈতিক জীবন যেন এক দীর্ঘ সংগ্রামের ইতিহাস। ৬২তম জন্মদিনে প্রধানমন্ত্রী হিসেবে তাঁর সামনে এখন নতুন বাংলাদেশ গড়ার কঠিন দায়িত্ব।

২০ নভেম্বর। বাংলাদেশের রাজনীতিতে একটি বিশেষ দিন। ১৯৬৫ সালের এই দিনে জন্মগ্রহণ করেন তারেক রহমান। আজ তাঁর ৬২তম জন্মদিন। জীবনের এই বিশেষ দিনটি এবার এসেছে সম্পূর্ণ ভিন্ন এক রাজনৈতিক বাস্তবতায়। দীর্ঘ সংগ্রাম, প্রতিকূলতা ও নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে তিনি এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী। রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহী পদে অধিষ্ঠিত অবস্থায় এটিই তাঁর প্রথম জন্মদিন।

একসময় যাঁকে দেশের রাজনীতি থেকে দূরে থাকতে হয়েছিল, দীর্ঘ ১৭ বছর যাঁর কেটেছে নির্বাসনে, সেই তারেক রহমানই আজ জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রধান। তাঁর এই পথচলা কেবল একজন রাজনীতিকের ব্যক্তিগত সাফল্যের গল্প নয়। এটি বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসেরও একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। সংগ্রাম, ধৈর্য, নেতৃত্ব এবং রাজনৈতিক প্রত্যাবর্তনের এক দীর্ঘ উপাখ্যান।

তারেক রহমানের রাজনৈতিক পথচলার শুরু একটি ঐতিহাসিক রাজনৈতিক পরিবারে। তাঁর বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা, স্বাধীনতার ঘোষক এবং বাংলাদেশের প্রথম নির্বাচিত রাষ্ট্রপতি। মা বেগম খালেদা জিয়া আজীবন গণতন্ত্রের জন্য লড়াই- সংগ্রাম করেছেন এবং তিনবার দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। ফলে শৈশব থেকেই রাজনীতি, রাষ্ট্র পরিচালনা ও গণতান্ত্রিক আন্দোলনের নানা অভিজ্ঞতার মধ্য দিয়ে বেড়ে ওঠেন তারেক রহমান।

তবে পারিবারিক পরিচয়কে রাজনৈতিক অবস্থান তৈরির একমাত্র ভিত্তি করেননি তারেক রহমান। ১৯৮৮ সালে বগুড়ার গাবতলী উপজেলায় বিএনপির প্রাথমিক সদস্য হওয়ার মধ্য দিয়ে তাঁর আনুষ্ঠানিক রাজনৈতিক যাত্রা শুরু হয়। ১৯৯৩ সালে তিনি বগুড়া জেলা বিএনপির সদস্য হন। তৃণমূল পর্যায়ে কাজ করার মধ্য দিয়ে ধীরে ধীরে দলের সাংগঠনিক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত করেন।

১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচন ছিল তাঁর রাজনৈতিক দক্ষতা প্রকাশের প্রথম গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোর একটি। ওই নির্বাচনে মা বেগম খালেদা জিয়ার নির্বাচনী প্রচারে সক্রিয় ভূমিকা রাখেন তিনি। বিএনপির জাতীয় নির্বাচনী  কমিটির সদস্য হিসেবে খালেদা জিয়ার প্রতিদ্বন্দ্বিতা করা পাঁচটি আসনের প্রচার কার্যক্রম সমন্বয় করেন। পাঁচটি আসনেই খালেদা জিয়ার বিজয় তাঁর সাংগঠনিক দক্ষতার পরিচয় দেয়।

২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনেও তাঁর ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। দলের সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করা, তৃণমূলের নেতাকর্মীদের সক্রিয় করা এবং নির্বাচনী কৌশল বাস্তবায়নে তিনি কাজ করেন। ওই নির্বাচনে বিএনপি দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করে। দলের সাংগঠনিক কর্মকাণ্ডে অবদানের স্বীকৃতি হিসেবে ২০০২ সালে তাঁকে সিনিয়র যুগ্ম মহাসচিবের দায়িত্ব দেয়া হয়। দায়িত্ব পেয়ে দলকে সুসংগঠিত করতে ছুটে যান সারা দেশে। তৃণমূল প্রতিনিধি সভার আয়োজন করে সারাদেশে দলকে সুসংগঠিত করেন তিনি। দেশের আপামর জনগণের কাছে “আরেক জিয়া” হিসেবে সমাদৃত হন।

তাঁর রাজনৈতিক উত্থানের পথ খুব দ্রুতই কঠিন হয়ে ওঠে। ২০০৭ সালে সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় গ্রেপ্তার হন তারেক রহমান। কারাবন্দি অবস্থায় নির্মম শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হন। নির্যাতনে তাঁর মেরুদণ্ডে গুরুতর আঘাতসহ নানা স্বাস্থ্যগত জটিলতা দেখা দেয়। পরবর্তী সময়ে চিকিৎসার জন্য তাঁকে লন্ডনে যেতে হয়।

চিকিৎসার জন্য দেশত্যাগের সেই যাত্রাই শেষ পর্যন্ত দীর্ঘ নির্বাসিত জীবনে পরিণত হয়। প্রায় ১৭ বছর দেশের বাইরে থাকতে হয় তাঁকে। দেশ থেকে দূরে থাকলেও বাংলাদেশের রাজনীতি থেকে নিজেকে সরিয়ে নেননি। লন্ডনে অবস্থান করেই দলের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রেখেছেন। রাজনৈতিক কর্মসূচি নির্ধারণ, সাংগঠনিক ঐক্য বজায় রাখা এবং দলের নেতৃত্ব দেওয়ার দায়িত্ব পালন করেছেন। লন্ডন থেকে দিনে ১৬ ঘন্টা পর্যন্ত দলের নেতাকর্মীদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করেন।

স্বৈরাচার শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের প্রায় ১৬ বছরের শাসনামলে বিএনপিকে নানা রাজনৈতিক প্রতিকূলতার মুখোমুখি হতে হয়। দলের নেতাকর্মীদের বিরুদ্ধে গুম, খুন, অপহরণ মিথ্যা মামলা, হামলা, গ্রেপ্তার এবং রাজনৈতিক কর্মকাণ্ডে বাধা দেয়া হয়। তারেক রহমান নিজেও বহু  মামলার মুখোমুখি হন। তারেক রহমানের বক্তব্য সংবাদমাধ্যমে প্রচারে নিষেধাজ্ঞা জারি করা হয়। আদালতকে প্রভাবিত করে ফরমায়েসী রায়ের মাধ্যমে একের পর এক সাজা দেয়া হয়।

এই সংকটের মধ্যেই ২০১৮ সালে কারাবন্দি হন বেগম খালেদা জিয়া। একই বছর তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন। দলের জন্য সেটি ছিল অত্যন্ত কঠিন সময়। দলের চেয়ারপারসন কারাগারে, হাজার হাজার  নেতাকর্মী মামলা ও গ্রেপ্তারের মুখে। এমন পরিস্থিতিতে বিদেশে অবস্থান করেই তাঁকে দলের নেতৃত্ব দিতে হয়েছে। এই সময়ে দলের সাংগঠনিক কাঠামো ধরে রাখা এবং রাজনৈতিক কর্মকাণ্ড অব্যাহত রাখাই ছিল তাঁর নেতৃত্বের বড় পরীক্ষা।

এরপর আসে ২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থান। ছাত্র-জনতার এই আন্দোলনে প্রায় ১ হাজার ৪০০ মানুষ শহীদ  হন। আহত হন হাজার হাজার মানুষ। ৫ আগস্ট শেখ হাসিনার প্রায় ১৬ বছরের শাসনের অবসান ঘটে। বাংলাদেশের রাজনীতিতে সূচিত হয় নতুন অধ্যায়। দীর্ঘদিনের রাজনৈতিক সংকটের পর গণতান্ত্রিক ধারায় ফিরে আসার প্রত্যাশা তৈরি হয় দেশজুড়ে।

তারেক রহমানের জন্যও এই পরিবর্তন ছিল এক নতুন সম্ভাবনার সূচনা। দীর্ঘ প্রায় ১৭ বছর পর ২০২৫ সালের ২৫ ডিসেম্বর তিনি দেশে ফেরেন। তাঁর প্রত্যাবর্তন ঘিরে বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। তাঁকে স্বাগত জানাতে ঢাকায় সমবেত হন প্রায় ৪০ লক্ষ মানুষ।

কিন্তু দেশে ফেরার আনন্দের মধ্যেই নেমে আসে গভীর শোক। প্রত্যাবর্তনের মাত্র পাঁচ দিন পর, ৩০ ডিসেম্বর তাঁর মা বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করেন। ব্যক্তিগত জীবনের এই অপূরণীয় ক্ষতির পাশাপাশি বিএনপির রাজনৈতিক নেতৃত্বেও তৈরি হয় নতুন বাস্তবতা। ২০২৬ সালের ৯ জানুয়ারি তিনি আনুষ্ঠানিকভাবে দলের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন। বাবা-মায়ের রাজনৈতিক উত্তরাধিকার বহনের পাশাপাশি দলের পূর্ণাঙ্গ নেতৃত্বের দায়িত্বও তখন তাঁর কাঁধে।

এরপর আসে সেই মাহেন্দ্রক্ষণ। ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি নিরঙ্কুশ বিজয় অর্জন করে। দলটি ২১১টি আসনে জয়ী হয়। এই বিজয়ের মধ্য দিয়ে দীর্ঘ রাজনৈতিক প্রতীক্ষার অবসান ঘটে। প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন তারেক রহমান।

বাংলাদেশের নির্বাচনী ইতিহাসেও ২০২৬ সালের নির্বাচন বিশেষ তাৎপর্য বহন করে। ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের বিতর্কিত নির্বাচনের পর দেশের নির্বাচনী ব্যবস্থার ওপর জনআস্থায় বড় ধরনের সংকট তৈরি হয়েছিল। নতুন নির্বাচনের মধ্য দিয়ে ভোটাররা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাজনৈতিক প্রক্রিয়ায় অংশ নেওয়ার সুযোগ পান। ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক মিশনসহ আন্তর্জাতিক পর্যবেক্ষকেরা নির্বাচনকে বিশ্বাসযোগ্য এবং সামগ্রিকভাবে গণতান্ত্রিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে মূল্যায়ন করেন।

এভাবেই দীর্ঘ নির্বাসিত জীবন শেষে তারেক রহমানের রাজনৈতিক যাত্রা এসে পৌঁছায় রাষ্ট্রক্ষমতার কেন্দ্রে। যে দেশে ফেরার জন্য তাঁকে দীর্ঘ অপেক্ষা করতে হয়েছে, সেই দেশেরই প্রধানমন্ত্রী হয়েছেন তিনি। রাজনৈতিক প্রতিকূলতা পেরিয়ে নির্বাচনী বিজয় অর্জন তাঁর জীবনের একটি বড় অধ্যায়। তবে এই বিজয় একই সঙ্গে তাঁর সামনে নতুন এবং আরও কঠিন দায়িত্বের দরজা খুলে দিয়েছে।

কারণ, সরকার পরিচালনা আর রাজনৈতিক দল পরিচালনা এক বিষয় নয়। নির্বাচনে বিজয় অর্জন যেমন গুরুত্বপূর্ণ, তেমনি জনগণের প্রত্যাশা পূরণ করা আরও বড় পরীক্ষা। দেশের মানুষ এখন সুশাসন, জবাবদিহি, আইনের শাসন এবং দুর্নীতিমুক্ত প্রশাসন দেখতে চায়। তারা চায় অর্থনৈতিক স্থিতিশীলতা, কর্মসংস্থান, মানসম্মত শিক্ষা, উন্নত স্বাস্থ্যসেবা এবং নিরাপদ জীবন। একই সঙ্গে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা ও কার্যকারিতা নিশ্চিত করাও সময়ের দাবি।

রাজনীতিতে সহনশীলতা ও ভিন্নমতের প্রতি শ্রদ্ধা প্রতিষ্ঠা করাও তাঁর সরকারের জন্য গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। গণতন্ত্রের সৌন্দর্য কেবল সংখ্যাগরিষ্ঠতার মধ্যে নয়; বরং বিরোধী মতের অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা এবং আইনের সমান প্রয়োগের মধ্যেও এর প্রকৃত শক্তি নিহিত। অতীতের রাজনৈতিক সংঘাত ও বিভাজন পেছনে ফেলে একটি অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলাই হবে নতুন নেতৃত্বের অন্যতম বড় পরীক্ষা।

তারেক রহমান তাঁর রাজনৈতিক জীবনে বহু প্রতিকূলতা মোকাবিলা করেছেন। দীর্ঘ নির্বাসিত জীবন কাটিয়েছেন। দলকে নেতৃত্ব দিয়েছেন কঠিন সময়ে। শেষ পর্যন্ত নির্বাচনী বিজয়ের মধ্য দিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছেন। অতীতের সংগ্রাম তাঁকে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত করেছে। এখন প্রয়োজন সেই অর্জনকে মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তনে রূপ দেওয়া।

হ্যাঁ সে লক্ষ্যে তিনি এগিয়ে চলছেন। দেশে ফিরে লক্ষ লক্ষ মানুষের সামনে তারেক রহমান বলেছিলেন, ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’—আমার একটি পরিকল্পনা আছে। সেটি ছিল কেবল রাজনৈতিক বক্তব্য নয়; ছিল দেশ ও মানুষের ভাগ্য পরিবর্তনের একটি প্রত্যয়। গত নয় মাসে তাঁর সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে সেই পরিকল্পনার বাস্তবায়নের প্রতিফলন দেখা যাচ্ছে।

ফ্যামিলি  কার্ডের মাধ্যমে নিম্নআয়ের পরিবারকে আর্থিক সহায়তা, কৃষক কার্ড চালু, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের কৃষিঋণ মওকুফ, শ্রমজীবী মানুষের জন্য আর্থিক সহায়তা, স্বাস্থ্যসেবা সম্প্রসারণে হেলথ কার্ড, মেয়েদের উচ্চশিক্ষায় সুযোগ বৃদ্ধি, প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল, অবসরপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষকদের বকেয়া পরিশোধ এবং ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী প্রদানের মতো উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি খাল খনন, বৃক্ষরোপণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধি এবং অর্থনীতির চাকাকে সচল করতে বিভিন্ন পদক্ষেপ চলছে। এসব উদ্যোগের মূল লক্ষ্য সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন এবং অর্থনীতির ভিত শক্তিশালী করা।

রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহী পদে থেকেও তারেক রহমানের সাদামাটা জীবনযাপন, সাধারণ সাদা পোশাক পরা, অপ্রয়োজনীয় প্রটোকল পরিহার এবং যানজটে অন্য নাগরিকদের মতো ট্রাফিক সিগন্যালে অপেক্ষা করার বিষয়গুলোও তাঁর নেতৃত্বের ভিন্ন এক দিক তুলে ধরছে। একই সঙ্গে রাজনৈতিক প্রতিপক্ষের প্রতি সহনশীলতা এবং অহিংস রাজনৈতিক চর্চার ওপর গুরুত্ব দেওয়া ইতিবাচক বার্তা বহন করছে। সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, ভাঙচুর এবং সরকারি দলের সংসদ সদস্যদের বাসভবনে হামলার মতো সহিংস ঘটনার মধ্যেও সরকার প্রতিশোধের রাজনীতিতে না গিয়ে পরিস্থিতি শান্ত রাখা ও আইনশৃঙ্খলা রক্ষার ওপর গুরুত্ব দিচ্ছে। এবারের দুর্গাপূজার শান্তিপূর্ণ উদ্‌যাপনও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সরকারের ভূমিকার একটি ইতিবাচক দৃষ্টান্ত। সব মিলিয়ে ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’ ঘোষণার মধ্য দিয়ে যে স্বপ্ন ও প্রত্যাশার কথা তারেক রহমান জানিয়েছিলেন, জনকল্যাণমূলক কর্মসূচি, সাধারণ জীবনযাপন, দায়িত্বশীল রাষ্ট্র পরিচালনা এবং সহনশীল রাজনৈতিক সংস্কৃতির মধ্য দিয়ে সেই পরিকল্পনাকে বাস্তবে রূপ দেওয়ার প্রচেষ্টা দৃশ্যমান হচ্ছে।

৬২তম জন্মদিনে তারেক রহমান দাঁড়িয়ে আছেন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে। তাঁর সামনে রয়েছে বিপুল সম্ভাবনা, একই সঙ্গে রয়েছে বড় দায়িত্ব। জনগণের প্রত্যাশা পূরণ, গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক ভিত্তি শক্তিশালী করা এবং অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের ধারাকে এগিয়ে নেওয়ার মধ্য দিয়েই তিনি তাঁর নেতৃত্বের প্রকৃত সার্থকতা প্রমাণ করতে পারবেন।

জন্মদিনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সাফল্য কামনা করি। তাঁর নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাক গণতন্ত্র, ন্যায়বিচার, জাতীয় ঐক্য ও সমৃদ্ধির পথে। একটি শান্তিপূর্ণ, উন্নত ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশা পূরণে তাঁর পথচলা সফল হোক।

শুভ জন্মদিন, প্রধানমন্ত্রী তারেক রহমান।

সূত্র : (বাসস)।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬২-তে তারেক রহমান: সংগ্রাম, নেতৃত্ব ও গণতান্ত্রিক বিজয়ের এক উপাখ্যান

১

পোশাক খাতে অস্থিরতা: ক্ষতির আশঙ্কা কয়েক হাজার কোটি টাকা

২

বাংলাদেশের প্রবৃদ্ধি ৫.৭ শতাংশে পৌঁছানোর সম্ভাবনা দেখছে বিশ্বব্যাংক

৩

রাজপথ দখলে রাখার হুঁশিয়ারি দিয়ে মাঠে নামছে এনসিপি

৪

লক্ষ্মীনারায়ণ কটন মিল ম‌ডেল মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

৫

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি

৬

শেখ হাসিনার পুনর্বিচার চাওয়ার আইনগত ভিত্তি নেই : চিফ প্রসিকিউটর

৭

আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগের কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

৮

‘আগামী ৩ মাস বাংলাদেশপন্থিদের ঐক্যবদ্ধ থাকতে হবে’

৯

৩৫ টাকা কেজিতে আমন ধান কিনবে সরকার, সিদ্ধ চাল ৪৯ টাকা

১০

দীপাবলি অন্ধকারের ওপর আলোর জয়ের প্রতীক: পাকিস্তানের প্রধানমন্ত্রী

১১

‘সুপুরুষ ব্যতীত বিবাহ করতেছি না’: ডাকসু নেত্রী জুমা

১২

বিশ্বব্যাংকের হিসাবে বাংলাদেশির মাথাপিছু বিদেশি ঋণ ৬৪৬ ডলার

১৩

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাষ্ট্রপতির শ্রদ্ধা

১৪

তারেক রহমানের নেতৃত্বে রাজপথে বিএনপির শক্তি প্রদর্শন

১৫

৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী

১৬

৭ নভেম্বরের চেতনা থেকেই ৫ আগস্টের গণঅভ্যুত্থান: রিজভী

১৭

১৫ আগস্ট ছিল সামরিক কর্মকর্তাদের প্রতিশোধ, ৭ নভেম্বর জনগণের সমর্থনে বিপ্লব: জামায়াত আমির

১৮

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

১৯

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য

২০