

দিনাজপুর প্রতিনিধি: উপমহাদেশের অনন্য স্থাপত্যশৈলীর নিদর্শন দিনাজপুরের ঐতিহাসিক কান্তজিউ মন্দির। এই মন্দির প্রাঙ্গণেই শুরু হয়েছে মাসব্যাপী ঐতিহ্যবাহী রাস উৎসব।
উৎসবে দেশ-বিদেশের লাখো ভক্ত-পূণ্যার্থী ও পর্যটকের পদচারণায় মুখর হয়ে উঠেছে মন্দির এলাকা। অনেকের বিশ্বাস, ভগবানের কাছে প্রার্থনা করলে পূরণ হয় মনের আশা।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় মেলার উদ্বোধন করেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম। এর পর থেকেই এ উৎসবকে ঘিরে মন্দির এলাকা ও আশপাশে তৈরি হয়েছে উৎসবের আমেজ।
মহারাজা প্রাণনাথের সময়কাল থেকে চলে আসা এ রাস উৎসব কেবল ধর্মীয় আয়োজনেই সীমাবদ্ধ নয়, বরং উত্তরবঙ্গের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ অংশ। অপূর্ব স্থাপত্যশৈলী ও পোড়ামাটির দৃষ্টিনন্দন কারুকাজে সমৃদ্ধ কান্তজিউ মন্দির এমনিতেই বছরজুড়ে আকর্ষণ করে দেশি-বিদেশি পর্যটকদের। রাস উৎসবকে ঘিরে সেই আকর্ষণ আরও বেড়ে যায়।
রাস উৎসবে আসা পূণ্যার্থী রীতা রানী বলেন, সময় পেলেই রাসমেলার সময়ে কান্তজিউ মন্দিরে আসা হয়। এখানে এসে মান্নত করলে মনের আশা পূরণ হয়। পরিবারের সদস্যদের নিয়ে এখানে এসেছি। ভগবানের কাছে প্রার্থনা করেছি, পরিবার তথা দেশের সবার যেন মঙ্গল হয়।
১৭৫২ সালে মন্দির নির্মাণ সম্পন্ন হওয়ার পর থেকেই রাজবংশের ধর্মীয় রীতি ও ঐতিহ্য অনুসারে চলে আসছে রাস উৎসব। মাসব্যাপী এ আয়োজনে যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি বা বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে বিষয়ে সতর্ক রয়েছে আয়োজক কমিটি।
দিনাজপুর রাজদেবোত্তর স্টেটের এজেন্ট রনজিৎ সিং বলেন, ২৭৪ বছর ধরে রাজপ্রথা মেনে এই উৎসব চলে আসছে। এখানে দূর দূরান্তের ভক্তবৃন্দ আসে। তাদের সার্বিক নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে। ৮০ জন পুলিশ সদস্য ও সার্বক্ষণিক নজরদারি রাখছে। পাশাপাশি স্বেচ্ছাসেবক রয়েছে। সবাই যেন নির্বিঘ্নে পূজা অর্চনা ও মেলা দর্শন করতে পারে সেজন্য কমিটির পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
এর আগে গত রোববার (২২ নভেম্বর) উৎসবের আনুষ্ঠানিকতা শুরুর প্রস্তুতি হিসেবে বৈরী আবহাওয়া উপেক্ষা করে দিনাজপুর রাজবাড়ী মন্দির থেকে বের করা হয় ধর্মীয় শোভাযাত্রা। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে পালকিতে করে শ্রীশ্রী রুক্মিণী-কান্তজিউ যুগলবিগ্রহ নিয়ে আসা হয় কান্তনগর মন্দিরে। এ আয়োজনেও ভক্ত-পুণ্যার্থীদের মধ্যে দেখা যায় ব্যাপ উৎসাহ-উদ্দীপনা।
সব মিলিয়ে মাসব্যাপী রাস উৎসবকে ঘিরে কান্তনগর মন্দির প্রাঙ্গণ হয়ে উঠবে ধর্মীয় ভাবগাম্ভীর্য, ঐতিহ্য ও উৎসবের মিলনমেলা।
মন্তব্য করুন