

নিজস্ব প্রতিবেদক: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওপর যানবাহনের অতিরিক্ত চাপ ও যানজট নিরসনে ১৩৮ কিলোমিটার দীর্ঘ একটি বিকল্প সড়ক নির্মাণের প্রস্তাবিত পথনকশা চূড়ান্ত করা হয়েছে। এই মেগা প্রকল্প বাস্তবায়িত হলে মূল মহাসড়কের ওপর নির্ভরতা কমার পাশাপাশি যাত্রী ও পণ্যবাহী পরিবহনগুলো দীর্ঘ যানজট থেকে মুক্তি পাবে। গত ২৮ আগস্ট ‘কুমিল্লা বাঁচাও মঞ্চের’ আয়োজনে এই প্রকল্পের ধারণাপত্র উপস্থাপন করা হয়। বর্তমানে উন্নয়ন প্রকল্প প্রস্তাব বা ডিপিপি তৈরির কাজ চলমান।
সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ), স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), পানি উন্নয়ন বোর্ড এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সমন্বিত উদ্যোগে এই সড়ক নেটওয়ার্ক তৈরি হবে। প্রস্তাবিত রুটটি কুমিল্লার সুয়াগাজী থেকে শুরু হয়ে বিবিরবাজার স্থলবন্দর, শাহপুর ব্রিজ, পালপাড়া ব্রিজ, গোবিন্দপুর বাজার, পীরযাত্রাপুর, কংশনগর বাজার, দেবিদ্বার বাজার, মুরাদনগরের কোম্পানীগঞ্জ বাজার, মেটাংঘরের শ্রীকাইল বাজার ও সল্লা পার হবে। এরপর ব্রাহ্মণবাড়িয়ার সলিমাবাদ, বাঞ্ছারামপুর বাজার, বিশ্বনন্দী ফেরিঘাট, ঢাকা-সিলেট মহাসড়কের ভূলতা এবং ডেমরা-তারাবো মহাসড়ক হয়ে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সঙ্গে যুক্ত হবে।বাংলাদেশ সংবাদ আপডেট
পুরো প্রকল্পের দৈর্ঘ্য নির্ধারণ করা হয়েছে ১৩৭ দশমিক ৩৭ কিলোমিটার। এর মধ্যে সওজের অধীনে গোমতীর প্রতিরক্ষা বাঁধ বরাবর ৯৬ দশমিক ৫ কিলোমিটার সড়ক থাকবে। সওজের অংশে কুমিল্লার আদর্শ সদর উপজেলায় ১০ দশমিক ৭৭ কিলোমিটার, বুড়িচংয়ে ১১ কিলোমিটার, ব্রাহ্মণপাড়ায় ৩ কিলোমিটার, মুরাদনগরের গ্রামীণ সড়কে ২৪ কিলোমিটার, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর অংশে ১০ কিলোমিটার এবং আড়াইহাজার-ভূলতা-গোপীবাগ অংশে ৩৭ দশমিক ২৮ কিলোমিটার সড়ক তৈরি হবে। এসব সড়কের অধিকাংশের প্রস্থ হবে ১৮ ফুট।
অন্যদিকে, এলজিইডির আওতাভুক্ত ৪১ দশমিক ৩২ কিলোমিটার সড়কের মধ্যে আদর্শ সদর উপজেলায় ১ দশমিক ২৩ কিলোমিটার, বুড়িচংয়ে ৬ দশমিক ৩০ কিলোমিটার, ব্রাহ্মণপাড়ায় ২ দশমিক ২৯ কিলোমিটার, দেবিদ্বারে ১২ কিলোমিটার, মুরাদনগরে ৫ দশমিক ৫০ কিলোমিটার এবং বাঞ্ছারামপুর অংশে ১৪ কিলোমিটার রয়েছে। এই অংশের প্রস্থ স্থানভেদে ১০ থেকে ১৮ ফুট হবে।
সড়কটিকে ভারী যানবাহন চলাচলের উপযোগী করতে এর ধারণক্ষমতা ও প্রয়োজনীয় সম্প্রসারণের বিষয়গুলো বিবেচনায় রাখছেন এলজিইডি ও সওজের কর্মকর্তারা। প্রকল্প বাস্তবায়নে জমি অধিগ্রহণ, পরিবেশগত ছাড়পত্র, টেকনিক্যাল অ্যাসেসমেন্ট (টিএ) গ্রহণ এবং জলাশয়সংলগ্ন এলাকায় অ্যালাইনমেন্ট নির্ধারণে পানি উন্নয়ন বোর্ডের অনাপত্তিপত্র নেওয়ার ওপর জোর দেওয়া হচ্ছে। এছাড়া বিশ্বনন্দী ফেরিঘাট এবং হোমনা উপজেলার ঘাগুটিয়া লঞ্চঘাট এলাকায় নতুন সেতু নির্মাণ করা হবে।
এলজিইডি কুমিল্লার নির্বাহী প্রকৌশলী মফিজ উদ্দিন জানিয়েছেন, সরকারের অর্থ বরাদ্দের অনুমোদন পেলে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয়ে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। কুমিল্লা-৬ (সদর-সদর দক্ষিণ) আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী বলেন, মহাসড়কের যানজট কমার পাশাপাশি কুমিল্লার স্থলবন্দরকেন্দ্রিক ব্যবসা এবং আঞ্চলিক অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারিত হবে। ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য আব্দুল মান্নান বলেন, কসবা উপজেলায় সরকারের নতুন একটি ইপিজেড করার পরিকল্পনা রয়েছে এবং সড়কটি নির্মিত হলে সেই ইপিজেডের পণ্য পরিবহন সহজ হবে।
বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ কে এম মুসা উল্লেখ করেন, এই সড়ক চালু হলে বাঞ্ছারামপুর, নবীনগর এবং কুমিল্লার উত্তরাঞ্চলের মানুষের ফেরি ও লঞ্চ যাত্রার ভোগান্তি দূর হবে। সুশাসনের জন্য নাগরিক (সুজন) কুমিল্লার সভাপতি শাহ মোহাম্মদ আলমগীর খান বলেন, মূল মহাসড়কে যানজটের কারণে পণ্যবাহী ও যাত্রীবাহী পরিবহনের যে সমস্যা হয়, বিকল্প রুটটি চালু হলে তা আর থাকবে না।
মন্তব্য করুন