

নিজস্ব প্রতিবেদক: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীতে শোভাযাত্রার মধ্য দিয়ে রাজপথে নিজেদের রাজনৈতিক সক্ষমতার বড় বার্তা দিয়েছে বিএনপি। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে স্থাপিত অস্থায়ী মঞ্চ থেকে এই কর্মসূচির উদ্বোধন করেন দলটির চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার বিকাল সোয়া তিনটায় কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয়। শোভাযাত্রাকে ঘিরে কাকরাইল মোড় থেকে শুরু করে ফকিরাপুল পর্যন্ত নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক জমায়েত গড়ে ওঠে। কর্মসূচিতে অংশ নেওয়া কর্মীদের হাতে বাংলাদেশের জাতীয় পতাকা এবং বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও তারেক রহমানের ছবিসংবলিত প্ল্যাকার্ড ছিল। নেতাকর্মীরা বিভিন্ন রঙের ক্যাপ ও গেঞ্জি পরে এতে অংশ নেন।
ঘোষিত পথ অনুযায়ী, শোভাযাত্রাটি কাকরাইলে প্রধান বিচারপতির বাসভবনের সামনে দিয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টাল, বাংলামোটর ও ফার্মগেট হয়ে মানিক মিয়া অ্যাভিনিউয়ে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে। দীর্ঘ ১৮ বছর পর এবারই প্রথম রাষ্ট্রীয়ভাবে দিবসটি পালিত হচ্ছে।
১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমান নিহত হওয়ার পর সেনাপ্রধানের দায়িত্বে আসেন জিয়াউর রহমান। পরবর্তীতে খালেদ মোশাররফের নেতৃত্বে সেনা অভ্যুত্থানের পর তাকে গৃহবন্দি করা হয়। এরপর ৭ নভেম্বর কর্নেল তাহেরের নেতৃত্বে পাল্টা অভ্যুত্থানের মাধ্যমে মুক্ত হয়ে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আসেন জিয়াউর রহমান।
মন্তব্য করুন