ইতিহাস গড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন হয়েছে ভারত। প্রথম দল হিসেবে বিশ্বমঞ্চে ট্রফি ধরে রাখল তারা। এছাড়া ঘরের মাঠে বিশ্বকাপ শিরোপা জেতা প্রথম দলও তারা। একমাত্র দল হিসেবে রেকর্ড তিনটি শিরোপা জেতা ভারতের এই আকাশচুম্বী সাফল্যের রেশ কাটতে না কাটতেই ভারতের ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড আর্থিক পুরস্কারের রেকর্ড ভাঙল। সূর্যকুমার যাদবদের জন্য মোটা অঙ্কের আর্থিক পুরস্কার ঘোষণা করেছে বোর্ড।
২০২৪ সালে ওয়েস্ট ইন্ডিজে দক্ষিণ আফ্রিকাকে ফাইনালে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। তারপরই ঘোষণা করা হয় তাদের জন্য আর্থিক পুরস্কার। ওইবার ১২৫ কোটি রুপি পুরস্কার পান রাহুল দ্রাবিড়ের শিষ্যরা। আর এবার পুরস্কারের পরিমাণ ৬ কোটি রুপি বেড়েছে। গৌতম গম্ভীর ও সূর্যকুমারদের ১৩১ কোটি রুপি দেওয়ার ঘোষণা এসেছে বিসিসিআই-এর তরফ থেকে।
বিসিবির সেক্রেটারি দেবজিৎ সাইকিয়া এক বিজ্ঞপ্তিতে বলেছেন, ‘ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ টিম ইন্ডিয়ার বিজয়ী অভিযানের পর তাদের জন্য ১৩১ কোটি রুপির নগদ পুরস্কার ঘোষণা করেছে।’
তিনি আরও বলেন, ‘আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনালে নিউজিল্যান্ডকে পরাজিত করে ভারত এই মর্যাদাপূর্ণ ট্রফিটি জয় করেছে। এর মাধ্যমে তারা সফলভাবে নিজেদের শিরোপা রক্ষা করেছে এবং টুর্নামেন্টের ইতিহাসে প্রথম দল হিসেবে আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপ ধরে রাখার গৌরব অর্জন করেছে। এই জয়ের ফলে ভারত প্রথম দল হিসেবে তিনবার আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার রেকর্ড গড়ল, যা ক্রিকেটের এই সংস্করণের ইতিহাসে সবচেয়ে সফল দলগুলোর মধ্যে তাদের অবস্থানকে আরও সুসংহত করল।’
দলকে অভিন্দন জানিয়ে বলা হয়েছে, ‘বোর্ড এই ঐতিহাসিক অর্জনের জন্য খেলোয়াড়, সাপোর্ট স্টাফ এবং নির্বাচকদের আবারও অভিনন্দন জানাচ্ছে এবং ভবিষ্যতে তাদের অব্যাহত সাফল্য কামনা করছে।’
এর আগে চ্যাম্পিয়ন হওয়ার কারণে আইসিসির কাছ থেকে সাড়ে ২৭ কোটি রুপি পেয়েছে ভারত। বিশ্বকাপে আইসিসির মোট প্রাইজমানি ছিল ১২১ কোটি রুপি, তার চেয়েও বড় অঙ্কের অর্থ দিলো বিসিসিআই।
