

ড. আনোয়ারউল্লাহ চৌধুরী
১৯৭৫ সালের ৭ ই নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখিত একটি দিন। গভীর রাজনৈতিক অনিশ্চয়তা, অস্থিরতা এবং সাংবিধানিক সঙ্কটের মধ্য দিয়ে সেদিন দেশপ্রেমিক সিপাহী-জনতা জাতির জীবনে যে পটপরিবর্তন ঘটিয়েছিল তা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও শৃঙ্খলা সুরক্ষায় এক যুগান্তকারি ঘটনা হিসেবে চিহ্নিত হয়ে আছে। সেদিন দেশপ্রেমে উদ্বুদ্ধ সিপাহী-জনতা জীবনের ঝুঁকি নিয়ে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে রক্ষা করেছিল।
জাতীয় স্বাধীনতা,সার্বভৌমত্ব ও অখন্ডতা সুরক্ষার অনন্য প্রতীক ‘ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস।’ সেই দিন সিপাহী জনতার ঐক্যবদ্ধ প্রয়াসে দেশপ্রেমের যে বিরল নজীর স্থাপিত হয়েছিল তা আজো প্রেরণার উৎস হয়ে আছে। ইতিহাসের নানা চড়াই-উৎরাই পেরিয়ে দেশ আজ স্থিতিশীল গণতান্ত্রিক অগ্রযাত্রায় সামিল হয়েছে। আমাদের লক্ষ্য হচ্ছে বাংলাদেশকে একটি উন্নত এবং কল্যাণ রাষ্ট্রে পরিণত করা। ৭ই নভেম্বর আমাদের ভবিষ্যৎ নির্ধারণকারী একটি দিন যা আমাদের ইতিহাসকে বদলে দিয়েছিল।
৭ নভেম্বরের সিপাহী-জনতার অভ্যুত্থান কোন সাধারণ সামরিক অভ্যুত্থান মাত্র ছিল না। এর তাৎপর্য ছিল অনেক গভীরে লুকায়িত। ৭ই নভেম্বর সিপাহী-জনতার সম্মিলনে যে অভুতপূর্ব অভ্যুত্থান সংঘটিত হয়েছিল তা ছিল বিক্ষুব্ধ সাধারণ সিপাহী এবং বঞ্চিত জনতার অভুতপূর্ব সম্মিলনের কাহিনী। সেদিনের ঢাকা অভিমুখে সিপাহী-জনতার সেই ঐতিহাসিক মিছিল শুধু ক্ষমতার পালা বদলের লড়াই ছিল না, সেটি ছিল বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা,স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং অভ্যন্তরীণ বিশৃঙ্খলার বিরুদ্ধে অপ্রতিরোধ্য গণপ্রতিরোধ।
দিনটি এখনো আমাদের মনে করিয়ে দেয়-জাতীয় সংকটকালে ঐক্যই হলো সবচেয়ে বড় শক্তি। সঙ্কটমুহূর্তে জাতি যদি ঐক্যবদ্ধ হতে পারে তাহলে যে কোন অপশক্তির তৎপরতা রুখে দেয়া সম্ভব। শেখ মুজিবুর রহমান সারা জীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করলেও ক্ষমতাসীন হয়ে তিনি রাজনৈতিক অধিকার, বাক স্বাধীনতা হরণ করেন। সদ্যস্বাধীন বাংলাদেশে ১৯৭৫ সালের ২৫ জানুয়ারি একদলীয় বাকশাল গঠন করেন। মাত্র ৪টি সংবাদপত্র রেখে অবশিষ্ট সংবাদপত্রগুলো বন্ধ করে দেয়া হয়। রাষ্ট্র ক্ষমতা চিরস্থায়ীভাবে কুক্ষিগত করার এই উদ্যোগ সাধারণ মানুষ ভালোভাবে গ্রহণ করেনি।
অপশাসনের কারণে ১৯৭৪ সালে দেশে ভয়াবহ দুর্ভিক্ষ হয়। পরবতীতে বিভিন্ন গবেষণায় প্রমানিত হয়েছে যে, সেই সময় দেশে খাদ্যাভাব খুব একটা প্রকট ছিল না। কিন্তু বিতরণ ব্যবস্থাপনায় চরম দুর্নীতি এবং অনিয়মের কারণে খাদ্য সাধারণ মানুষের নিকট পৌঁছুতে পারেনি।
১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমান সামরিক অভ্যুত্থানের মাধ্যমে স্বপরিবারের নিহত হলে দেশ চরম অরাজক পরিস্থিতির মধ্যে পতিত হয়। অভ্যুত্থানকারীগণ আওয়ামী লীগ নেতা খোন্দকার মোস্তাক আহমদকে প্রেসিডেন্টের দায়িত্ব প্রদান করেন। কিন্তু দেশ পরিচালনার ক্ষেত্রে বিশঙ্খলা দেখা দেয়। সেনাবাহিনীর ‘চেইন অব কমান্ড’ ভেঙ্গে পড়ার উপক্রম হয়।
এমনি এক অবস্থায় ১৯৭৫ সালের ৩ নভেম্বর ব্রিগেডিয়ার খালেদ মোশাররফের নেতৃত্বে সামরিক অভ্যুত্থান ঘটে। সেনা প্রধান জিয়াউর রহমানকে পদচ্যুৎ এবং ঢাকা ক্যান্টনমেন্টে গৃহবন্দী করা হয়।
খালেদ মোশাররফ নিজেকে মেজর জেনারেল পদে উন্নীত করে সেনাপ্রধানের দায়িত্ব গ্রহণ করেন। এই সময় ঢাকা কেন্দ্রীয় কারাগারে জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমদ, এএইচএম কামারুজ্জামান ও ক্যাপ্টেন মনসুর আলীকে নির্মমভাবে হত্যা করা হয়। সেই সময় ৩ নভেম্বর থেকে ৬ নভেম্বর পর্যন্ত দেশ কার্যত কোন সরকার ছিল না। রাষ্ট্রপতি পদ থেকে খোন্দকার মোস্তাক আহমদকে সরিয়ে দিয়ে বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়েমকে নতুন রাষ্ট্রপতি হিসেবে নিয়োগ দেয়া হয়।
৩রা নভেম্বরের সামরিক অভ্যুত্থান সেনাবাহিনীর সাধারণ সদস্যদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করে। সাধারণ সেনা সদস্যরা খালেদ মোশাররফের সামরিক অভ্যুত্থান সমর্থন করেনি। তারা বিক্ষুব্ধ হয়ে উঠে। ৬ নভেম্বর গভীর রাতে অর্থাৎ ৭ নভেম্বর প্রথম প্রহরে সেনানিবাসে সাধারণ সিপাহীরা বিদ্র্রোহ ঘোষণা করে। ‘সিপাহী সিপাহী ভাই ভাই, সিপাহীর উপরে অফিসার নাই’ এমন শ্লোগানে ঢাকা ক্যান্টনমেন্ট উত্তপ্ত করে তোলা হয়।
এই সময় সিপাহীরা বন্দীদশা থেকে জেনারেল জিয়াউর রহমানকে মুক্ত করে আনেন। সৈনিকদের মাঝে জিয়াউর রহমান অত্যন্ত জনপ্রিয় ছিলেন। সাধারণ সৈনিকরা মনে করেছিল,জিয়াউর রহমানই একমাত্র ব্যক্তি যিনি সেনাবাহিনীতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারবেন। ৩ রা নভেম্বরের সামরিক অভ্যুত্থানের নায়ক খালেদ মোশাররফ, কর্নেল খন্দকার নাজমূল হুদা এবং লে: কর্নেল এ টি এম হায়দার শেরে বাংলা নগরে অবস্থিত ১০ম ইস্টবেঙ্গল রেজিমেন্টে আশ্রয় নিতে গেলে সেখানেই তাদের নির্মমভাবে হত্যা করা হয়।
৭ নভেম্বরের পাল্টা সামরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে মৃত্যুর দ্বারপ্রান্ত থেকে ফিরে এসে জেনারেল জিয়াউর রহমান অল্প সময়ের মধ্যেই সেনাবাহিনীতে ‘চেইন অফ কমান্ড’ ফিরিয়ে আনেন। ৭ নভেম্বরের পর জিয়াউর রহমান প্রাধান সামরিক আইন প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করতে থাকেন। পরবর্তীতে ১৯৭৭ সালের ২১ এপ্রিল প্রেসিডেন্ট বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়েম স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করলে ২১ এপ্রিল জিয়াউর রহমান বাংলাদেশের রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন।
এরপর ১৯৭৮ সালের ৩ জুন সরাসরি জনগণের ভোটে জিয়াউর রহমান রাষ্ট্রপতি নির্বাচিত হন। জিয়াউর রহমানের উপর সিপাহী-জনতার আস্থা ছিল, কারণ তিনি ছিলেন স্বাধীনতার ঘোষক এবং মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার। তাঁর ব্যক্তিগত সততা ছিল প্রবাদপ্রতীম। এসব কারণে তিনি ছিলেন সিপাহী-জনতার আস্থার প্রতীক। তিনি সেই আস্থার প্রতিদান দিয়েছিলেন অত্যন্ত দক্ষতার সঙ্গে।
৭ই নভেম্বরের সফল সিপাহী-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের রাষ্ট্রীয় পরিচয় নিশ্চিত হয়। জিয়াউর রহমান বাঙালি জাতীয়তাবাদের পরিবর্তে বাংলাদেশি জাতীয়তাবাদ রাষ্ট্রীয় নীতি হিসেবে গ্রহণ করেন। ফলে জাতি হিসেবে আমাদের যে পরিচয় সঙ্কট ছিল তা দূর হয়। স্বাধীনতার পর সমস্ত উৎপাদনযন্ত্রকে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে নিয়ে আসার ফলে এক সময়ের লাভজনক প্রতিষ্ঠানগুলো লোকসানী প্রতিষ্ঠানে পরিণত হতে থাকে। প্রতিষ্ঠানগুলি দুর্নীতি আর অনিয়মের আখড়ায় পরিণত হয়।
৭ই নভেম্বরের পর সময়ের বাস্তবতার প্রেক্ষিতে রাষ্ট্রীয় মালিকানাধীন শিল্প প্রতিষ্ঠানগুলো বিরাষ্ট্রীয়করণ প্রক্রিয়া শুরু হয়। অর্থনৈতিক ক্ষেত্রে গৃহীত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নীতি ছিল যুগের চেয়েও অগ্রগামী, বাস্তবসম্মত এবং অত্যন্ত কার্যকর ও ফলপ্রুসু। এ সময় মুক্তবাজার অর্থনীতি অনুসরণ করা হয়। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলেই প্রথম বাংলাদেশ থেকে তৈরি পোশাক রপ্তানি শুরু হয়। তাঁর একটি অনন্য কীর্তি হচ্ছে এক্সপোর্ট প্রসেসিং জোন (ইপিজেড) স্থাপন করা। বাংলাদেশের পণ্য উৎপাদন ও রপ্তানির ক্ষেত্রে ইপিজেডের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।
প্রেসিডেন্ট জিয়াউর রহমান দক্ষিণ এশিয়ার সন্নিহিত এলাকায় অবস্থিত দেশগুলোকে নিয়ে একটি কার্যকর আঞ্চলিক সহযোগিতা সংস্থা গঠনের উদ্যোগ নিয়েছিলেন। জিয়াউর রহমান সার্ক গঠনের জন্য প্রাথমিক যোগাযোগ শুরু করেছিলেন। কিন্তু তার মৃত্যুর কারণে সেই উদ্যোগ কিছুটা থমকে যায়। পরবর্তীতে ১৯৮৫ সালে বাংলাদেশে অনুষ্ঠিত দক্ষিণ এশিয়ার ৭টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সম্মেলনে সার্ক গঠন করা হয়। কিন্তু একটি প্রভাবশালী রাষ্ট্র শর্ত দেয় যে,সার্কে কোন দ্বিপাক্ষিক সমস্যা নিয়ে আলোচনা করা যাবে না। এই শর্ত মেনে নেয়ার কারণে সার্ক গঠনের মূল উদ্দেশ্যই বিঘ্নিত হয়েছে।
জিয়াউর রহমান রাষ্ট্রীয় মৌলনীতিতে ধর্ম নিরপেক্ষতার স্থলে সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস যুক্ত করেন। বাঙালি জাতীয়তাবাদের পরিবর্তে বাংলাদেশি জাতীয়তাবাদ সংবিধানে যুক্ত করা হয়। একদলীয় শাসন ব্যবস্থা বাকশালের পরিবর্তে বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা চালু করা হয়। বিশ্বে মাত্র কয়েকজন সেনা কর্মকর্তা রাষ্ট্রীয় শাসনভার হাতে পাবার পর স্বেচ্ছায় গণতান্ত্রিক ব্যবস্থা চালু করেছিলেন। তাদের মধ্যে জিয়াউর রহমান ছিলেন অন্যতম।
জিয়াউর রহমান একমুখি পররাষ্ট্র নীতি থেকে সরে এসে ‘সবার সাথে বন্ধুত্ব, কারো সঙ্গে শত্রুতা নয়’ এই নীতির বাস্তব প্রতিফলন ঘটান। এই সময় মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, সৌদি আরবসহ ইসলামী দেশগুলোর সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করা হয়। জিয়াউর রহমানের সময়ে প্রথম আনুষ্ঠানিকভাবে জনশক্তি রপ্তানি শুরু হয়। বর্তমানে জনশক্তি রপ্তানি খাত হচ্ছে বৈদেশিক মুদ্রা অর্জনের দ্বিতীয় বৃহত্তম খাত।
জিয়াউর রহমানের সময়ে মুসলিম বিশ্বের সঙ্গে বাংলাদেশের চমৎকার দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক সম্পর্ক তৈরি হয়। এমনকি কোন কোন ক্ষেত্রে জিয়াউর রহমান মুসলিম দেশগুলোর দ্বিপাক্ষিক সমস্যা সমাধানে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেন। তিনি ইরাক-ইরান যুদ্ধে বন্ধে মধ্যস্থকতাকারীর ভূমিকা পালন করে প্রশংসিত হন।
১৯৭৫ সালের ৭ই নভেম্বরের পর দেশের রাজনীতিকে শহর থেকে গ্রামমুখি করা হয়। খাল খনন কর্মসূচি, গ্রামীণ আদালত গঠনের মাধ্যমে উন্নযন কর্মকাণ্ডে প্রান্তিক জনগোষ্ঠীর অংশ গ্রহণ নিশ্চিত করা হয়। প্রেসিডেন্ট জিয়াউর রহমান একের পর এক গ্রাম ঘুরে বেড়িয়েছেন পদব্রজে। তিনি কৃষক-শ্রমিকের সঙ্গে মিশেছেন একান্ত আপন জনের মতো। তিনি বলেছিলেন, শহরের বিলাসবহুল ভবনে বসে গ্রামের মানুষের কল্যাণ চিন্তার দিন শেষ। গ্রামের মানুষের কল্যাণ চিন্তা করতে হলে গ্রামে যেতে হবে। গ্রামের মানুষের সঙ্গে আন্তরিকভাবে মেলামেশা করে তাদের দু:খকষ্ট জানতে হবে।
১৯৭৫ সালের ৭ই নভেম্বর যে ঐতিহাসিক সিপাহী-জনতার অভ্যুত্থান ঘটে তার চেতনা আমাদের বারবার দেশপ্রেমে উদ্বুদ্ধ করে। জাতীয় ঐক্য গড়ে তোলার ক্ষেত্রে ৭ই নভেম্বরের কোন বিকল্প নেই। ১৯৭৫ সালের ৭ ই নভেম্বর এবং ২০২৪ সালের ৫ই অগস্টের অভ্যুত্থানের চেতনাকে হৃদয়ে ধারন করে আমাদের এগিয়ে যেতে হবে। এখনো বাংলাদেশকে নিয়ে নানা ধরনের ষড়যন্ত্রের চলছে।
আমাদের ঐক্যবদ্ধভাবে এসব ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। মনে রাখতে হবে, ব্যক্তি ও দলীয় স্বার্থের চেয়ে দেশের স্বার্থ অনেক বড়। তাই সর্বাবস্থায় দেশের স্বার্থকে প্রাধান্য দিতে হবে। বৃহত্তর জাতীয় ঐক্যই আগামী দিনের প্রত্যাশা। আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি তাহলে আমাদের অগ্রযাত্রা কেউ রুখতে পারবে না।
লেখক: সাবেক উপাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়, প্রফেসর এমিরিটাস, ঢাবি: ও বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত।
মন্তব্য করুন