

অনলাইন ডেস্ক: সম্ভাব্য তলবের জন্য প্রস্তুত থাকতে প্রায় এক লাখ কৌশলগত রিজার্ভ সেনার কাছে চিঠি পাঠিয়েছে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়, স্নায়ুযুদ্ধের অবসানের পর এই প্রথম প্রায় এক লাখ কৌশলগত রিজার্ভ সেনার কাছে এমন চিঠি পাঠানো হলো। এসব চিঠিতে তাদের সামরিক প্রশিক্ষণ ও মহড়ায় স্বেচ্ছায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার প্রস্তাব করা হয়েছে।
ব্রিটিশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধানদের স্বাক্ষরিত এই চিঠিতে রিজার্ভ সেনাদের যোগাযোগের ঠিকানা হালনাগাদ করার পাশাপাশি তাদের বর্তমান পেশা ও দক্ষতার তথ্য জানাতে বলা হয়েছে।
বুধবার স্কাই নিউজ ও দ্য টাইমসের প্রতিবেদনে জানানো হয়, যুক্তরাজ্যের বিমানঘাঁটিগুলোতে উড়োজাহাজের সুরক্ষায় ড্রোন প্রতিরোধী জাল তৈরির পরিকল্পনা করছে রয়্যাল এয়ার ফোর্স। এর অংশ হিসেবে রাতে উড়োজাহাজগুলোকে সুরক্ষিত হ্যাঙ্গারে সরিয়ে নেওয়া হচ্ছে।
এর আগে মঙ্গলবার দেশটির গোয়েন্দা সংস্থা এমআইফাইভ ও প্রতিরক্ষা মন্ত্রণালয় যৌথ সতর্কবার্তা জারি করে। এতে বলা হয়, ইউক্রেনের সামরিক বাহিনীকে সরঞ্জাম সরবরাহকারী ব্রিটিশ প্রতিষ্ঠানগুলোর ওপর রাশিয়ার অন্তর্ঘাতমূলক হামলার ঝুঁকি বাড়ছে।
যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী ওয়েস স্ট্রিটিং এর আগে জোর দিয়ে বলেছিলেন, এক হাজার দিনের মধ্যে দেশকে যুদ্ধের জন্য প্রস্তুত হতে হবে। একই সঙ্গে তিনি বলেন, ‘মিত্রদের নিয়ে লড়াই করা এবং বিজয়ী হওয়ার জন্য ব্রিটেনকে অবশ্যই প্রস্তুত থাকতে হবে।’
এদিকে সাবমেরিনের সক্ষমতা ও যুদ্ধের সার্বিক প্রস্তুতি বাড়াতে সম্প্রতি ৮০০ কোটি পাউন্ড (প্রায় ১০৪০ কোটি মার্কিন ডলার) প্রতিরক্ষা বিনিয়োগের ঘোষণা দিয়েছে ব্রিটিশ সরকার।
দেশটির সেনাপ্রধান (চিফ অব দ্য জেনারেল স্টাফ) রলি ওয়াকার পূর্ববর্তী মাসে জানান, প্রতিরক্ষা ও নিরাপত্তাকে অগ্রাধিকার দিতে দেশটির রাজনৈতিক নেতৃত্ব শিগগিরই জনগণকে ‘ত্যাগ’ স্বীকার করার আহ্বান জানাবে।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং ইউরোপের সামগ্রিক নিরাপত্তা নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের মধ্যেই এসব পদক্ষেপ ও প্রতিবেদন প্রকাশ্যে এলো।
মন্তব্য করুন