ঢাকাবুধবার , ২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. English Version
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আবহাওয়া
  7. আর্ন্তজাতিক
  8. ঈদ
  9. উপ-সম্পদকীয়
  10. করোনা ভাইরাস আপডেট
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. চাকরীর খবর
  15. জনদূর্ভোগ
আজকের সর্বশেষ সবখবর

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান হলেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান

News Editor
ফেব্রুয়ারি ২৪, ২০২৬ ৫:০১ পূর্বাহ্ণ
Link Copied!

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নতুন চেয়ারম্যান মনোনীত হয়েছেন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাজধানীর সার্কিট হাউস রোডে ট্রাস্টের ৩৯তম বোর্ড সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন তাকে এ পদে মনোনীত করেন।

অনুষ্ঠানে মন্ত্রী ট্রাস্টের সহায়তা কার্যক্রমকে আরও সুশৃঙ্খল ও স্বচ্ছ করতে সুবিধাভোগী সাংবাদিকদের একটি পূর্ণাঙ্গ ডাটাবেজ তৈরির নির্দেশ দেন।

প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী বলেন, ‘দেশের সব গুরুত্বপূর্ণ অর্জনের মূল শক্তি হলো জনগণ ও সংবাদ মাধ্যম। গণমাধ্যম জনআকাঙ্ক্ষাকে শক্তিশালী করেছে। সাংবাদিকদের অবাধ তথ্য প্রবাহ নিশ্চিত করার সুযোগ করে দেওয়াই হবে আমাদের মূল কাজ।’

তিনি বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সাংবাদিকদের জন্য অবসর ভাতা চালু এবং সরকারি হাসপাতালে বিশেষ চিকিৎসা সুবিধা নিশ্চিত করার উদ্যোগ গ্রহণ করা হবে

নবনিযুক্ত চেয়ারম্যান ও তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী তার বক্তব্যে চব্বিশের গণঅভ্যুত্থানে বস্তুনিষ্ঠ ও সাহসী সাংবাদিকতার জন্য গণমাধ্যমকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সভার সদস্য সচিব ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ এ সময় নবনিযুক্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে ট্রাস্টের কার্যক্রম সম্পর্কে বিভিন্ন তথ্য, চ্যালেঞ্জসমূহ ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অবহিত করেন।

মুহাম্মদ আবদুল্লাহ ট্রাস্টের আর্থিক সংকট কাটাতে ব্যাংকে জমাকৃত ট্রাস্টের অর্থ বিধি মোতাবেক শুল্কমুক্ত করতে ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান। এছাড়া, তিনি ট্রাস্টের জনবল নিয়োগ, যানবাহন সুবিধা প্রদান, নিজস্ব ভবন নির্মাণসহ বিভিন্ন বিষয়ে মন্ত্রণালয়ের সহযোগিতা কামনা করেন।

বোর্ড সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ট্রাস্টের ভাইস চেয়ারম্যান ও তথ্য সচিব মাহবুবা ফারজানা, সদস্য, প্রধান তথ্য কর্মকর্তা মো. নিজামূল কবীর, সদস্য, প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক ফারুক ওয়াসিফ, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম আব্দুল্লাহ।

এছাড়া মন্ত্রণালয়ের যুগ্মসচিব রিয়াসাত আল ওয়াসিফ, সাংবাদিক পরিবার এবং মন্ত্রণালয় ও এর দপ্তর-সংস্থার প্রধান ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভা শেষে, তথ্য ভবন অডিটোরিয়ামে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উদ্যোগে সাংবাদিক পরিবারের ৪০২ জন মেধাবী সন্তানের মাঝে শিক্ষাবৃত্তির চেক বিতরণ করেন মন্ত্রী ও প্রতিমন্ত্রী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন সূত্র থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।