ঢাকাসোমবার , ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
  1. English Version
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আবহাওয়া
  7. আর্ন্তজাতিক
  8. ঈদ
  9. উপ-সম্পদকীয়
  10. করোনা ভাইরাস আপডেট
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. চাকরীর খবর
  15. জনদূর্ভোগ
আজকের সর্বশেষ সবখবর

ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

News Editor
মার্চ ১, ২০২৬ ৫:২৯ পূর্বাহ্ণ
Link Copied!

কয়েক সপ্তাহের উত্তেজনা আর হুমকির পর অবশেষে ইরানে সামরিক অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক বাহিনী। শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানে যুক্তরাষ্ট্রের ‘‘বড় ধরনের যুদ্ধের অভিযান’’ শুরু হয়েছে। এর আগে, একই দিনে ইরানের রাজধানী তেহরান ও অন্যান্য কয়েকটি শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অন্যতম ঘনিষ্ঠ মিত্র ইসরায়েল।

এদিকে, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাবে মধ্যপ্রাচ্যের মার্কিন স্থাপনা ও সামরিক বাহিনী লক্ষ্য করে হামলা চালিয়েছে তেহরান। কাতার, কুয়েত, বাহরাইনে মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলার খবর দিয়েছে আল-জাজিরা। ইরানে ক্ষমতাসীন শাসকগোষ্ঠী পতনই এবারের সামরিক অভিযানের লক্ষ্য বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।

তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ এক কর্মকর্তা বলেছেন, এই অঞ্চলে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সব স্বার্থ এখন ইরানের হামলার বৈধ লক্ষ্যে পরিণত হবে। আঞ্চলিক এই সংঘাতে প্রতি মুহূর্তের লাইভ আপডেট জানতে ঢাকা পোস্টের সঙ্গে থাকুন।

  • আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর রাষ্ট্রের সর্বোচ্চ নেতৃত্বের দায়িত্ব পালনে তিন সদস্যের একটি অন্তর্বর্তীকালীন কাউন্সিল গঠন করা হয়েছে। এতে দেশটির প্রেসিডেন্ট, প্রধান বিচারপতি এবং গার্ডিয়ান কাউন্সিলের একজন জ্যেষ্ঠ আইনজ্ঞ রয়েছেন। অন্তর্বর্তীকালীন এই সদস্যরা যৌথভাবে রাষ্ট্র পরিচালনার যাবতীয় দায়িত্ব পালন করবেন। তারা সংবিধান অনুসারে যত তাড়াতাড়ি সম্ভব পরবর্তী নেতা নির্বাচন করবেন। তবে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের আক্রমণের মুখে ইরানের সব নেতাকে একত্রিত করা নিরাপত্তা ঝুঁকির কারণে কঠিন হতে পারে।
  • যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবি এ তথ্য নিশ্চিত করেছে। রোববার (১ মার্চ) থেকে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে সাত দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রীর হুমকি

  • ইরানের মিসাইল উৎপাদন ক্ষমতা আর নৌবাহিনী ধ্বংস করে দেব আমরা

ইরানের মিসাইল উৎপাদন ক্ষমতা আর নৌবাহিনী ধ্বংস করে দেওয়ার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পেটে হেগসেথ। গতকাল শনিবার দখলদার ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এখন দেশটিতে সরকার পতন ও সামরিকভাবে দুর্বল করে দেওয়ার চেষ্টা করছেন তারা।

  • খামেনির মেয়ে ও নাতি-নাতনি নিহত

ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনির মেয়ে ও নাতি-নাতনি ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহত হয়েছেন। ইরানি সংবাদমাধ্যমে বরাতে বার্তাসংস্থা রয়টার্স আজ রোববার এ তথ্য জানিয়েছে। তবে খামেনি নিহত হয়েছেন কি না সেটি স্পষ্ট করেননি। যদিও দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন খামেনি তাদের হামলায় প্রাণ হারিয়েছেন।

  • বিস্ফোরণের পর দুবাইয়ের জেবেল আলি বন্দরে আগুন

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের জেবেল আলি বন্দরে বিস্ফোরণের পর আগুন লাগার ঘটনা ঘটেছে। দুবাই মিডিয়া অফিস আজ রোববার জানিয়েছে, বন্দরের একটি বার্থে প্রতিরক্ষা মিসাইলের ধ্বংসাবশেষ পড়ে আগুন লেগে যায়। যদিও ইরানের সংবাদমাধ্যম দাবি করছে, বন্দরটিতে ইরানের ছোড়া মিসাইল সরাসরি আঘাত করেছে।

  • ইরানে স্কুলে হামলায় ১০৮ মেয়ে শিক্ষার্থী নিহত

ইরানের মিনাব শহরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় ১০৮ মেয়ে শিক্ষার্থী নিহত হয়েছে। গতকাল শনিবার মেয়েদের প্রাথমিক বিদ্যালয়ে বর্বরোচিত হামলা চালানো হয়। প্রথমে সেখানে পাঁচ শিক্ষার্থীর মৃত্যুর তথ্য জানা যায়। এরপর এটি বাড়তে বাড়তে ১০৮ জনে পৌঁছেছে। শহরটির গভর্নর এ ঘটনায় আজ রোববার একদিনের শোক ঘোষণা করেছে।

  • সৌদি আরবে যুক্তরাষ্ট্রের ঘাঁটি লক্ষ্য করে ইরানের হামলা

সৌদি আরব ও ইরাকে অবস্থিত যুক্তরাষ্ট্রের ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, সৌদির প্রিন্স সুলতান বিমানঘাঁটিতে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড। হামলায় ব্যবহার করা হয়েছে মিসাইল ও ড্রোন। এই ঘাঁটিতে কয়েক দশক ধরে মার্কিন সেনারা রয়েছে। এর পাশাপাশি ইরাকের আল-হারির বিমানঘাঁটিকেও টার্গেট করা হয়েছে। সেখানেও যুক্তরাষ্ট্রের সেনাদের উপস্থিতি রয়েছে।

  • যুদ্ধ শুরুর পর ইসরায়েলে সবচেয়ে বড় হামলা চালাল ইরান

গতকাল ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর যুদ্ধ শুরুর পর ইসরায়েলকে লক্ষ্য করে সবচেয়ে বড় মিসাইল হামলা চালিয়েছে ইরান। সর্বশেষ হামলায় একসঙ্গে অন্তত ৩০টি ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে ইরানি বাহিনী। যার অন্তত একটি মিসাইল সরাসরি তেল আবিবে আঘাত হেনেছে। এতে ২০ জন আহত হয়েছেন। যারমধ্যে একজনের অবস্থা বেশ গুরুতর।

ইরানের দুই সংবাদমাধ্যমের খবর

  • খামেনি বেঁচে আছেন এবং দৃঢ়তার সঙ্গে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিচ্ছেন

ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় নিহত হয়েছেন বলে দাবি করছে ইসরায়েলি গোয়েন্দারা। তাদের বরাতে বার্তাসংস্থা রয়টার্স ও ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল-১২ খামেনির মৃত্যুর তথ্য জানিয়েছে। তবে ইরানের দুই সংবাদমাধ্যম তাসনিম নিউজ এবং মেহের নিউজ জানিয়েছে, সুপ্রিম লিডার এখনো বেঁচে আছেন এবং তিনি দৃঢ়তার সঙ্গে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিচ্ছেন। সংবাদমাধ্যম আলজাজিরা বলেছে, রয়টার্স ও ইসরায়েলি গণমাধ্যমে প্রকাশিত খবরের সঙ্গে ইরানি সংবাদমাধ্যমের খবর সম্পূর্ণ বিপরীত।

বললেন ট্রাম্প

  • ইরানে অভিযান দীর্ঘ হতে পারে, আবার দুই-তিনদিনের মধ্যে শেষ হতে পারে

ইরানে যুক্তরাষ্ট্রের হামলা দীর্ঘ হতে পারে আবার এটি দুই থেকে তিনদিনের মধ্যে শেষ হতে পারে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, অভিযান শেষে ইরানের সঙ্গে চলমান উত্তেজনা প্রশমনে একাধিক ‘অপশন’ রয়েছে। সংবাদমাধ্যম এক্সিওসকে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, “আমি চাইলে দীর্ঘ লড়াইয়ে গিয়ে সবকিছু নিজের নিয়ন্ত্রণে নিতে পারি। আবার দুই থেকে তিনদিনের মধ্যে হামলা শেষ করে ইরানিদের বলতে পারি, যদি আপনারা আবারও পারমাণবিক কার্যক্রম চালান তাহলে, কয়েক বছর পর আবারও আপনাদের সঙ্গে দেখা হবে, অর্থাৎ হামলা চালাব।”

রয়টার্সকে ইসরায়েলি কর্মকর্তা

  • খামেনি নিহত হয়েছেন, পাওয়া গেছে তার মরদেহ!

ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি মারা গেছেন এবং তার মরদেহ পাওয়া গেছে বলে জানিয়েছেন এক ইসরায়েলি কর্মকর্তা। ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল-১২ জানিয়েছে, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর মরদেহের ছবি দেখানো হয়েছে। তিনি তার প্রাসাদের কমাউন্ডে প্রাণ হারিয়েছন। সেখান থেকে তার মরদেহ উদ্ধার করেছে ইরানি উদ্ধারকারীরা।

ইরানিদের বললেন নেতানিয়াহু

  • খামেনি নিহতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে, বাকি কাজ আপনারা করুন

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পরোক্ষ দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি এখন সরকার পতনের জন্য সাধারণ মানুষকে রাজপথে নেমে আসার আহ্বান জানিয়েছেন। যুদ্ধাপরাধে অভিযুক্ত নেতানিয়াহু শনিবার (২৮ ফেব্রুয়ারি) এক বক্তব্যে বলেছেন, অনেক ইঙ্গিত পাওয়া যাচ্ছে, যেগুলো নির্দেশ করছে খামেনি আর নেই। খামেনির বাড়ি ধ্বংস করে দেওয়া হয়েছে। বিপ্লবী গার্ডের কমান্ডার এবং জ্যেষ্ঠ পরমাণু কর্মকর্তাদের হত্যা করা হয়েছে। এখন রাস্তায় নেমে আসুন এবং চূড়ান্ত কাজ (সরকার পতন) সম্পন্ন করুন।

  • ইরানের বিরুদ্ধে পাল্টা হামলার হুমকি সৌদির

সৌদি আরবের রাজধানী রিয়াদে গতকাল শনিবার মিসাইল ছুড়েছে ইরান। এ হামলার তথ্য নিশ্চিত করে দেশটি পাল্টা হামলার হুমকি দিয়েছে। সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, “রিয়াদ এবং পূর্বাঞ্চলীয় প্রদেশগুলো লক্ষ্য করে ইরানের চালানো কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা জানাচ্ছে সৌদি আরব। অবশ্য এই হামলাগুলো সফলভাবে প্রতিহত করা হয়েছে।” দেশটি আরও বলেছে, “এই অযৌক্তিক আগ্রাসনের মুখে সৌদি আরব স্পষ্ট জানিয়ে দিচ্ছে যে—নিজেদের নিরাপত্তা রক্ষা এবং ভূখণ্ড, নাগরিক ও বাসিন্দাদের সুরক্ষায় প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে। এমনকি এই হামলার পাল্টা জবাব দেওয়ার পথও খোলা রাখা হয়েছে।”

  • যুক্তরাষ্ট্র ও ইসরায়েলে হামলায় ইরানে দুই শতাধিক মানুষের মৃত্যু

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রথমদিনেই ইরানে দুই শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় শনিবার (২৮ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছে রেডক্রস। তারা বলেছে, সর্বশেষ তথ্য অনুযায়ী ২০১ জন নিহত এবং ৭৪৭ জন আহত হয়েছেন।

কাতারে ইফতার পার্টিসহ সব বন্ধ

  • হামলার শঙ্কায় সব মসজিদে তারাবির নামাব বন্ধ করে দিলো কুয়েত

ইরানের হামলার শঙ্কায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশের সব মসজিদে তারাবির নামাজ পড়া বন্ধ করার নির্দেশ দিয়েছে কুয়েত। পবিত্র রমজানে পুরো এক মাস রোজাদাররা তারাবির নামাজ পড়ে থাকেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ইরানে একসঙ্গে বড় ধরনের হামলা চালায় দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এর জবাবে ইরান মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিতে হামলা শুরু করে। এরমধ্যে কুয়েতেও হামলা হয়েছে। দেশটির প্রধান বিমানবন্দরে সরাসরি আঘাত হেনেছে ড্রোন। এতে অন্তত ১২ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। যারমধ্যে সামরিক বাহিনীর সদস্যরাও আছেন

সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর সুয়েদাতে একটি গোলাবারুদ ও ক্ষেপণাস্ত্রের গুদামে বিস্ফোরণে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। শনিবার সুয়েদার ওই ক্ষেপণাস্ত্রে কারাখানায় বিস্ফোরণে প্রাণহানির এই ঘটনা ঘটেছে বলে দেশটির সংবাদমাধ্যম খবর দিয়েছে। এর আগে প্রাথমিক প্রতিবেদনে সুয়েদায় ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে দাবি করা হয়েছিল।

সিরিয়ার নিরাপত্তা বাহিনীর একটি সূত্রের বরাত দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন বলেছে, ‌‌‘‘সুয়েদা শহরে ন্যাশনাল গার্ডের একটি গোলাবারুদ ও ক্ষেপণাস্ত্রের গুদামে বিস্ফোরণ ঘটেছে। দেশটির দ্রুজ সশস্ত্র গোষ্ঠীর নিয়ন্ত্রিত বাহিনী ন্যাশনাল গার্ড। যারা বর্তমানে সুয়েদা অঞ্চল নিয়ন্ত্রণ করছে। ওই বিস্ফোরণে পাঁচজন নিহত হয়েছে বলে জানানো হয়েছে।

• হরমুজ প্রণালী বন্ধ করে দিলো ইরান

তেল পরিবহনের অত্যন্ত গুরত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান। ইউরোপীয় ইউনিয়নের নেভাল মিশন এসপাইডেসের এক কর্মকর্তা জানিয়েছেন, ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড জানিয়ে দিয়েছে ‘হরমুজ দিয়ে কোনো জাহাজ চলাচল করতে দেওয়া হবে না।’

হরমুজ প্রণালী বন্ধ করে দিলো ইরান

তেল রপ্তানির জন্য বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ রুট হলো হরমুজ প্রণালী। এটি উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর সবচেয়ে বড় তেল উৎপাদনকারীদের জন্য তেল রপ্তানির পথ। এখান দিয়ে বিশ্বের বিভিন্ন জায়গায় তেল পাঠায় সৌদি আরব, ইরান, ইরাক, সংযুক্ত আরব আমিরাত। সরু এ সামুদ্রিক পথটি ওমান উপসাগর এবং আরব সাগরকে যুক্ত করেছে।

• আমরা সম্ভবত কয়েকজন কমান্ডারকে হারিয়েছি : ইরানের পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সামরিক বাহিনীর শীর্ষ কয়েকজন কর্মকর্তা নিহত হয়েছেন বলে ধারণা করছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় এই তথ্য জানিয়েছেন তিনি।

পোস্টে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‌‌আমরা সম্ভবত কয়েকজন কমান্ডারকে হারিয়েছি। কিন্তু এটি খুব বড় কোনও সমস্যা নয়। এর আগে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স অন্তত তিনটি সূত্রের বরাত দিয়ে ইরানের সামরিক বাহিনীর শীর্ষ দুই কর্মকর্তার প্রাণহানির তথ্য জানিয়েছে।আমরা সম্ভবত কয়েকজন কমান্ডারকে হারিয়েছি : ইরানের পররাষ্ট্রমন্ত্রী

রয়টার্স বলছে, ইসরায়েলি হামলায় ইরানের প্রতিরক্ষামন্ত্রী এবং বিপ্লবী গার্ডের (আইআরজিসি) কমান্ডার নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। ওই তিন সূত্র বলেছে, হামলার শুরুতেই বিপ্লবী গার্ডের প্রধান জেনারেল মোহাম্মদ পাকপোর এবং প্রতিরক্ষামন্ত্রী আমির নাসিরজাহেদ প্রাণ হারিয়েছেন।

  • বেঁচে আছেন খামেনি, দাবি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনি বেঁচে আছেন বলে দাবি করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল-১২ এর আগে খামেনির মৃত্যুর তথ্য প্রকাশ করেছিল। তারা অজ্ঞাত এক সূত্রের বরাতে জানায়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় খামেনি প্রাণ হারিয়েছেন। এমন খবরের ব্যাপারে জিজ্ঞেস করলে ইরানি পররাষ্ট্রমন্ত্রী মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজকে বলেছেন, “আমি যতটুকু জানি, সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনি বেঁচে আছেন।” তবে হামলায় তাদের দুজন কমান্ডার নিহত হয়েছেন বলে স্বীকার করেছেন। আর বাকি সবাই বেঁচে আছেন। তিনি বলেছেন, “উচ্চপদস্থ সব কর্মকর্তা বেঁচে আছেন। সবাই যার যার অবস্থানে আছেন এবং আমরা এ পরিস্থিতি নিয়ন্ত্রণ করছি। সবকিছু ভালো আছে।”

  • ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের প্রধান ও দেশটির প্রতিরক্ষামন্ত্রী নিহত হয়েছেন। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট তিনটি সূত্র বার্তাসংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন। আজ শনিবার সকালে ইরানে আকস্মিকভাবে যৌথ হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। রয়টার্সকে সূত্রগুলো বলেছেন, হামলার শুরুতেই বিপ্লবী গার্ডের প্রধান জেনারেল মোহাম্মদ পাকপোর এবং প্রতিরক্ষামন্ত্রী আমির নাসিরজাহেদ প্রাণ হারান।

ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল-১২। নাম প্রকাশ্যে অনিচ্ছুক একটি সূত্র বলেছে, তাদের কাছে আসা খবর ইঙ্গিত করছে খামেনি নিহত হয়েছেন। তবে এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে এখনো কোনো তথ্য জানা যায়নি। এরআগে চ্যানেল-১২ এক প্রতিবেদনে জানিয়েছিল, তাদের সত্রের খবর অনুযায়ী খামেনি হামলায় অন্তত আহত হয়েছেন। এখন তারা গোপন সূত্রের বরাতে তার মৃত্যুর কথা বলছে।

বাহরাইনের রাজধানী মানায় মার্কিন সামরিক বাহিনীর পঞ্চম নৌবহরের সদরদপ্তরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর দেশটিতে দূতাবাস বন্ধের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে উপসাগরীয় অঞ্চলে তেহরানের ব্যাপক পাল্টা হামলা শুরু করার পর ওই সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বাহরাইনে নিযুক্ত মার্কিন দূতাবাস বলেছে, বাহরাইনের বিরুদ্ধে চলমান ক্ষেপণাস্ত্র হামলার পরিপ্রেক্ষিতে আগামীকাল (রোববার) বাহরাইনে মার্কিন দূতাবাস বন্ধ থাকবে।বাহরাইনে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান, মার্কিন দূতাবাস বন্ধ ঘোষণা

বিবৃতিতে বলা হয়, রোববারের জন্য নির্ধারিত সব নিয়মিত ও জরুরি কনস্যুলার সাক্ষাৎকার বাতিল করা হয়েছে। দূতাবাস স্বাভাবিক কার্যক্রমে ফিরলে তা জানিয়ে দেওয়া হবে।

  • চূড়ান্ত বিজয় নিকটে, বললেন ইরানের নির্বাসিত ক্রাউন প্রিন্স রেজা পাহলভি

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ হামলার পর এ নিয়ে মন্তব্য করেছেন দেশটির শেষ শাহ শাসকের ছেলে ও নির্বাসিত ক্রাউন প্রিন্স রেজা পাহলভি। তিনি বলেছেন ইরানে তাদের চূড়ান্ত বিজয় এখন নিকটে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে রেজা বলেছেন, “আমার প্রিয় জনগণ, সামনে ভালো মুহূর্ত রয়েছে। ইরানের সাহসী মানুষকে সহায়তার যে প্রতিশ্রুতি দিয়েছেন সেটি অবশেষে এসেছে। এটি (হামলা) একটি মানবিক হস্তক্ষেপ। আর এটি লক্ষ্য হলো ইসলামিক প্রজাতন্ত্র ও তার অত্যাচারী ও রক্তপিপাসু বাহিনীকে রুখে দেওয়া। এই হামলার লক্ষ্য ইরানের সাধারণ মানুষকে ক্ষতি করা নয়।” “যদিও যুক্তরাষ্ট্রের সহায়তা এসেছে, কিন্তু চূড়ান্ত বিজয় নির্ধারিত হবে আমাদের দ্বারা। আমরা ইরানিদের এটির শেষ করতে হবে। রাজপথে নেমে আসার সময় এসেছে।”

  • হামলায় আয়াতুল্লাহ আলী খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস

দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। আজ শনিবার সকালে ইসরায়েল-যুক্তরাষ্ট্র আকস্মিক হামলা চালায়। এ সময় প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, আয়াতুল্লাহ আলী খামেনি ও উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা ও মন্ত্রীদের বাড়িতে হামলা চালানো হয়।

বাহরাইন, কাতার, জর্ডান, কুয়েত, সংযুক্ত আরব আমিরাতে ইরানের সামরিক বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা জানিয়েছে সৌদি আরব। শনিবার মধ্যপ্রাচ্যের এসব দেশে মার্কিন সামরিক বাহিনীর ঘাঁটি ও স্থাপনা লক্ষ্য করে ইরানের হামলার ওই নিন্দা জানিয়েছে রিয়াদ।

এক বিবৃতিতে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার, জর্ডান এবং কুয়েতে ইরানের হামলার কঠোর নিন্দা জানায় সৌদি আরব। ইরানের হামলায় রাষ্ট্রীয় সার্বভৌমত্ব এবং আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন ঘটেছে বলে জানিয়েছে সৌদি আরব।

এই হামলার ‘ভয়াবহ পরিণতি’ সম্পর্কে তেহরানকে সতর্ক সতর্ক করে দিয়েছে রিয়াদ। এদিকে, সৌদি আরবের পর মধ্যপ্রাচ্যজুড়ে ইরানি হামলার নিন্দা জানিয়েছে ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাতও।

কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, কুয়েতি ভূখণ্ডে ইরানের হামলা আকাশসীমা এবং আন্তর্জাতিক আইনের ‘‘ভয়াবহ লঙ্ঘন’’। এই হামলার যথাযথ জবাব দেওয়ার অধিকার কুয়েতের রয়েছে।

  • বাসিন্দাদের রাজধানী তেহরান ছাড়তে বলল ইরান

যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েলের হামলার জেরে ইরানে ব্যাপক অস্থিরতা ও অনিশ্চয়তা তৈরি হয়েছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের রাজধানী তেহরানে বারবার হামলা চালাচ্ছে। এমন পরিস্থিতিতে দেশটির নিরাপত্তা কাউন্সিল তেহরানের বাসিন্দাদের রাজধানী ছাড়তে বলেছে। এক বিবৃতিতে নিরাপত্তা কাউন্সিল বলেছে, বর্তমান পরিস্থিতির কারণে, সম্ভব হলে, আপনারা যতটা সম্ভব শান্ত থেকে অন্যান্য শহর বা স্থানে চলে যান।”

  • ইসরায়েলে ফের ব্যালিস্টিক মিসাইল ছুড়ল ইরান

দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে ফের ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে ইরান। টানা কয়েক দফা হামলার পর বাংলাদেশ সময় শনিবার বিকেল ৫টা ২০ মিনিটের দিকে আবারও মিসাইল ছোড়ে ইরানি বাহিনী। ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, ইরান কিছুক্ষণ আগে আরেক দফা মিসাইল ছুড়েছে। এসব মিসাইল প্রতিহত করার চেষ্টা করা হচ্ছে বলেও জানিয়েছে তারা।

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সব সামরিক লক্ষ্যবস্তু ‌‌‘‘ইরানি ক্ষেপণাস্ত্র শক্তিশালী আঘাত’’ হেনেছে। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ওই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

এক বিবৃতিতে আইআরজিসি বলেছে, মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সব সামরিক লক্ষ্যবস্তুতে ইরানের শক্তিশালী ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। ‘‘শত্রু চূড়ান্তভাবে পরাজিত না হওয়া পর্যন্ত এই অভিযান নিরবচ্ছিন্নভাবে চলবে।’’

dhakapost

বিবৃতিতে বলা হয়েছে, পুরো অঞ্চলে যুক্তরাষ্ট্রের সব সম্পদ ইরানের সেনাবাহিনীর জন্য বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচিত হবে।

  • ইরানের হামলার পাল্টা জবাবের হুঁশিয়ারি আমিরাতের

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন ঘাঁটি ও অবকাঠামোতে হামলার অংশ হিসেবে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি ও দুবাইয়ে মিসাইল ছুড়েছে ইরান। এ হামলায় আবুধাবিতে একজন নিহত হয়েছেন। ইরানের মিসাইল হামলার তথ্য নিশ্চিত করেছে সংযুক্ত আরব আমিরাতের সরকার। তারা বলেছে, ইরান তাদের দেশের ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে, যার জবাবে পাল্টা হামলা চালানো হবে।

  • ইসরায়েলকে লক্ষ্য করে নতুন করে মিসাইল ছুড়ল ইরান

দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে নতুন করে আবারও মিসাইল ছুড়েছে ইরান। শনিবার সকালে ইসরায়েল ইরানের বিভিন্ন জায়গায় হামলার পর, ইরান পাল্টা হামলা শুরু করে। ওই সময় কয়েক দফায় মিসাইল ছোড়ে তারা। এখন নতুন করে আবারও মিসাইল ছুড়েছে তেহরান। সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেলআবিবে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে সেখানে সরাসরি ইরানি মিসাইল আঘাত হেনেছে কি না সেটি স্পষ্ট নয়।

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার জবাবে মধ্যপ্রাচ্যের অন্তত হাফ ডজন দেশে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান। শনিবার ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ফারস নিউজ মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ঘাঁটি ও স্থাপনায় হামলার এই তথ্য নিশ্চিত করেছে।

ফারস নিউজ বলেছে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বৃহত্তম সামরিক ঘাঁটি কাতারের আল-উদেইদ বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। এছাড়া মধ্যপ্রাচ্যের আরেক দেশ কুয়েতের আল-সালেম বিমান ঘাঁটি, সংযুক্ত আরব আমিরাতের আল-ধাফরা বিমান ঘাঁটিতে আঘাত হেনেছে ইরানি ক্ষেপণাস্ত্র।

আমিরাতের আবু ধাবিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় একজন নিহত হয়েছেন বলে কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে। পাশাপাশি বাহরাইনে মার্কিন সামরিক বাহিনীর পঞ্চম নৌবহরের সদরদপ্তরে ও জর্ডানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান।

একই সঙ্গে সৌদি আরবের রাজধানী রিয়াদেও বিকট বিস্ফোরণ ঘটেছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি রিয়াদে বিস্ফোরণের তথ্য নিশ্চিত করেছে।

  • সৌদি আরবের রাজধানীতে বিকট বিস্ফোরণ

মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিভিন্ন ঘাঁটি ও সামরিক অবকাঠামো লক্ষ্য করে প্রতিশোধমূলক হামলা চালাচ্ছে ইরান। এরমধ্যে সৌদি আরবের রাজধানী রিয়াদে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বার্তাসংস্থা এএফপির করসপনডেন্ট জানিয়েছেন, রিয়াদে দুটি বড় বিস্ফোরণের শব্দ শুনেছে তিনি। এছাড়া আরও ছোট ছোট বিস্ফোরণের শব্দও তার কানে এসেছে।

  • ইরানের মিসাইল হামলায় আবুধাবিতে একজন নিহত

যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েলের হামলার জবাবে মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিভিন্ন ঘাঁটি ও সামরিক অবকাঠামোতে পাল্টা হামলা চালাচ্ছে ইরান। এর অংশ হিসেবে সংযুক্ত আরব আমিরাতেও হামলা চালিয়েছে ইরান। তাদের এ মিসাইল হামলায় আমিরাতের আবুধাবিতে একজন নিহত হয়েছেন। দেশটি এক বিবৃতিতে বলেছে, তাদের এখানে হামলা চালিয়ে ইরান আন্তর্জাতিক আইন ও তাদের ভৌগলিক অখণ্ডতা লঙ্ঘন করেছে। যেটির উপযুক্ত জবাব দেওয়া হবে।

  • আবুধাবির পর দুবাইয়ে বিস্ফোরণ

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে বিকট বিস্ফোরণের পর দুবাইয়েও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। শনিবার ইরানের বিভিন্ন জায়গায় একযোগে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েল। এরপর ইরান পাল্টা হামলা শুরু করে। মধ্যপ্রাচ্যের যেসব দেশে যুক্তরাষ্ট্রের ঘাঁটি বা অবকাঠামো আছে সেগুলোতে হামলা শুরু করে তারা। এর অংশ হিসেবে আমিরাত, কাতার, বাহরাইনে হামলা হয়েছে

ইসরায়েলের হামলা ‘‘দেশের ভৌগোলিক অখণ্ডতা ও জাতীয় সার্বভৌমত্বকে লক্ষ্য করে’’ চালানো হয়েছে বলে মন্তব্য করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। শনিবারের এই হামলায় ইরানের প্রতিরক্ষা অবকাঠামো এবং বিভিন্ন শহরের বেসামরিক স্থাপনাও লক্ষ্যবস্তু করেছে শত্রুরা। ইরানের সার্বভৌমত্ব লক্ষ্য করে চালানো এই হামলার ঘটনায় তেহরানের পাল্টা জবাবে শত্রুরা অনুত্প্ত হবে।

এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী শাসকগোষ্ঠীর পুনরায় সামরিক আগ্রাসন আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ সনদের নীতিমালার সুষ্পষ্ট লঙ্ঘন। ইসলামি প্রজাতন্ত্র ইরান এই আগ্রাসনকে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে বিবেচনা করছে এবং জোর দিয়ে বলছে, এর জবাবে দৃঢ় পদক্ষেপ নেওয়ার বৈধ অধিকার তেহরানের রয়েছে।

• বাহরাইনে যুক্তরাষ্ট্রের নৌঘাঁটিতে আঘাত হানল ইরানি মিসাইল

বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহর নৌঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। সেখানে দেশটির ছোড়া মিসাইল সরাসরি আঘাত হেনেছে। সংবাদমাধ্যম ইয়েনেত জানিয়েছে, শনিবার (২৮ ফেব্রুয়ারি) বাহরাইনের রাজধানী মানামার জুফফাইর থেকে ধোঁয়ার কুণ্ডলি বের হতে দেখা গেছে। সেখান মার্কিন নৌবাহিনীর পঞ্চম বহরের সদরদপ্তর অবস্থিত।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে ইরান। এছাড়া কাতার ও বাহরাইনেও মিসাইল ছুড়েছে দেশটি। সংবাদমাধ্যম আলজাজিরা শনিবার (২৮ ফেব্রুয়ারি) জানিয়েছে, কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ইরানের মিসাইল ভূপাতিত করা হয়েছে।

কাতারে রয়েছে যুক্তরাষ্ট্রের আল-উদেইদ বিমানঘাঁটি। যা মধ্যপ্রাচ্যে অবস্থিত তাদের ঘাঁটিগুলোর মধ্যে সবচেয়ে বড়। অপরদিকে বাহরাইনে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ধারণা করা হচ্ছে দেশটিতে থাকা মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিস্ফোরণের তথ্য জানালেও; সেটি কিসের শব্দ সেটি স্পষ্ট করেনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন সূত্র থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।